ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের এক মাস পার হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানে হামলা চালায়। একই দিন ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলেও দেশটির শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। বরং যারা ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচক; তারাও শত্রুদের হাত থেকে দেশ রক্ষায় সরকারকে সহযোগিতা করছে। ফলে ইরান যুদ্ধের প্রাথমিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধ এক মাস পেরিয়ে গেলেও এখনো সমানতালে লড়ে যাচ্ছে ইরান। খবর বিবিসি, আলজাজিরা ও মিডল ইস্ট আইয়ের।
অন্যদিকে যুদ্ধের শুরু থেকেই ইরান তার সামরিক সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। ইসরাইলে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। যা এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর সক্ষমতা কমিয়েছে। এছাড়া ইরান যুদ্ধে প্রতিদিন প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের।













