বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কাঁটা বিএনপির গলার এমন জায়গায় আটকে গেছে, যা গিলতেও পারে না, ফেলতেও পারে না। সংস্কার না মেনে বিএনপি এখন সংকট তৈরি করেছে। বল আমরা বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। শট দিতে যদি ভুল করে, সামনের শট পেছনে দিলে নিজের গোলপোস্টেই বল ঢুকে যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়ে ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আরো বলেন, মানুষ বলছে বিএনপি ক্ষমতায় আসার পরে কুফা লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, তাতে জনগণের আশা পূরণ হয়নি।










